বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব পাবে—তারেক রহমান

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব পাবে—তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ ক্ষেত্রে শুধু অবকাঠামো নয়, শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দদায়ক করতে হবে। “পড়াশোনাকে ফান হিসেবে আনতে হবে, সহজ করতে হবে—যাতে বাচ্চারা আগ্রহ নিয়ে শেখে।” শিক্ষা ব্যবস্থায় শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, আর্ট ও কালচার অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। খেলাধুলাতেও উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন।

‘মব’ সংস্কৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ভবন নির্মাণ করলেই হবে না, শিশুদের সঠিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। “ছোটবেলা থেকেই নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। শিশুদের জন্য বিএনপির আলাদা পরিকল্পনা রয়েছে,”—বলেন তিনি।

সরকারের বিভিন্ন প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমানে অনেক প্রকল্প থাকলেও সেগুলো সঠিকভাবে সংগঠিত নয়। এসব সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

দ্রব্যমূল্য প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা স্বাভাবিক হলেও অনৈতিক মুনাফা ঠেকাতে হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকায় অনেক সময় দ্রব্যমূল্য বাড়ে উল্লেখ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। “এই দুই বিষয় ঠিক করা গেলে অন্য সমস্যাগুলোরও সমাধান সম্ভব,”—বলেন তারেক রহমান।

নগরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, চাকরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় ট্রাফিক জট বেড়েছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা চলছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুবিধা থাকবে।

পরিবহন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, মেট্রোরেল কস্টলি ও বেশি জায়গা নেয়। বিকল্প হিসেবে মনোরেল কার্যকর হতে পারে। ছোট ছোট বগির মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানের সঙ্গে মেট্রোরেলের সংযোগ দেওয়া সম্ভব হবে।

প্রবাসীদের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করা যেতে পারে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও প্রতিযোগিতায় বিজয়ীরা উপস্থিত ছিলেন।