
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নাম ও আবেগকে ব্যবহার করছেন।
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে আবদুল কাদের এই অভিযোগ করেন। তার মতে, ৫ আগস্টের পর জাতি যে ধরনের ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, নাসীরুদ্দীন পাটওয়ারীর বর্তমান কর্মকাণ্ড তার সম্পূর্ণ বিপরীত এবং তিনি অযথা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের তার পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনে বড় ভূমিকা রাখার দাবি করে হম্বিতম্বি করলেও তারা মাঠে তাকে সেভাবে দেখেননি। আবদুল কাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটরের বিয়াম ভবনে অনুষ্ঠিত একটি সভার প্রসঙ্গ টেনে বলেন, সেখানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের উপস্থিতিতে আন্দোলনের জুনিয়র লেয়ারের সদস্যরা নাসীরুদ্দীনের লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের প্রশ্ন ছিল, হঠাৎ করে এসে তিনি কীভাবে এমন নীতিনির্ধারণী পদে স্থান পেলেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীনের রাজনৈতিক অতীত এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। আবদুল কাদের অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ছাত্রশিবির, ছাত্র ফেডারেশন এবং এবি পার্টির মতো দল ভেঙে আসার ইতিহাস রয়েছে। তাই নতুন এই উদ্যোগেও তিনি বিভাজন সৃষ্টি করবেন কি না, তা নিয়ে জুনিয়ররা শুরু থেকেই সন্দিহান ছিলেন। সেই সময় লিয়াজোঁ কমিটিতে তাকে রাখার যৌক্তিকতা জানতে চাওয়া হলে নাহিদ ইসলাম জানিয়েছিলেন যে, আন্দোলনের সময় নাসীরুদ্দীন তাকে একদিন আশ্রয় দিয়েছিলেন এবং ডিআরইউতে সংবাদ সম্মেলনে সহায়তা করেছিলেন। মূলত তার জ্যেষ্ঠতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর যুক্তিতেই তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন কাদের।
আবদুল কাদের আক্ষেপ করে বলেন, লিয়াজোঁ কমিটিতে দায়িত্ব পাওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী শপথ করে অঙ্গীকার করেছিলেন যে তিনি অতীতের মতো আর কোনো দল বা উদ্যোগ ভাঙবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার কর্মকাণ্ডে সেই অঙ্গীকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন সাবেক এই সমন্বয়ক। নাসীরুদ্দীনের বর্তমান কর্মকাণ্ডকে নোংরামি উল্লেখ করে কাদের বলেন, তিনি পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধানোর চেষ্টা করছেন, যা দেশের মানুষ বা ছাত্রসমাজ কেউই প্রত্যাশা করে না। নির্বাচনী প্রচারণার মধ্যে এমন পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের মধ্যে বিদ্যমান মতপার্থক্যকে প্রকাশ্যে এনেছে।
