
দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, উদ্বোধনী দিনের ফ্লাইটের ১৬২টি আসনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। প্রথম ফ্লাইটে কোনো সিট ফাঁকা নেই।
তিনি জানান, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলাচল করবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে।
বিমান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো বা স্থায়ীভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও প্রদান করে। বিমান জানায়, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই রুট পুনরায় চালু নিয়ে আলোচনা চলছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ২০১২ সালের পর আগামী ২৯ জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয়। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের সময় ও ব্যয় উভয়ই কমবে বলে আশা করা হচ্ছে।
