
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জমসেদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জমসেদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। তবে ওই নির্দেশনা অমান্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে বুধবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে জমসেদ মিয়া বলেন, দল আমার পরিবার। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ দিয়েছে। এজন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে রাজপথে আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা রাখবো।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে জমসেদ মিয়া আনুষ্ঠানিকভাবে পুনরায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে ফিরে এলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
