দেশ কোনদিকে যাবে, সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারি—রাজশাহীতে তারেক রহমান

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
‘দেশ কোনদিকে যাবে, সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারি’—রাজশাহীতে তারেক রহমান

রাজশাহী:  দেশ কোন পথে এগোবে তা আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

এ সময় তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লবকে টেকসই করতে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে থমকে থাকা পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার ঘোষণা দেন। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত কৃষকের ঘরে ঘরে এই প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া হবে।

উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া পদ্মা নদীর ওপর নতুন একটি ‘পদ্মা ব্রিজ’ নির্মাণ, প্রান্তিক নারীদের ক্ষমতায়নে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন তারেক রহমান।

২২ বছর পর রাজশাহীর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা থেকে লক্ষাধিক মানুষের ঢল নামে, এতে পুরো নগরীতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

  • ‘দেশ কোনদিকে যাবে
  • সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারি’—রাজশাহীতে তারেক রহমান