শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ অভিযোগ করেন জেলা আমির হাফিজুর রহমান।

নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। হত্যার সুষ্ঠু বিচার দাবি করে হাফিজুর রহমান বলেন, দ্রুত মামলা করা হবে। বিএনপির পূর্বপরিকল্পিত হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতা।

এর আগে বুধবার ঝিনাইগাতীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত হন রেজাউল করিম। প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ও মোটরসাইকেল ভাঙচুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরে সন্ধ্যায় ঝিনাইগাতী শহরে দ্বিতীয় দফা সংঘর্ষে রেজাউল করিমকে ইট দিয়ে আঘাত করা হয় বলে জামায়াত নেতাকর্মীদের অভিযোগ।

শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক উপল হাসান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজ সকালে শ্রীবরদী উপজেলার গজরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে নিহতের বাড়িতে কবর খোঁড়ার প্রস্তুতি চলতে দেখা গেছে। পুরো গ্রাম শোকাহত। স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, রেজাউল করিম খুব ভালো মানুষ ছিলেন। আমরা এই হত্যার বিচার চাই।

  • শেরপুরে জামায়াত নেতাকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ