২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। দূর-দূরান্তের অনেকেই রোববার রাতেই খুলনায় এসে পৌঁছান। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বেলা ১১টায় হেলিকপ্টারে করে তিনি খুলনায় পৌঁছাবেন এবং জনসভা শেষে দুপুর ১টায় যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন। জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সভায় সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, অসুস্থতা সত্ত্বেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকেই তারেক রহমান আসতে সম্মত হয়েছেন।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নগরজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সমাবেশস্থল ও যাতায়াতপথে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, নগরের ট্রাফিক স্বাভাবিক থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

  • ২২ বছর পর খুলনায় তারেক রহমান
  • জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল