টিএসসিতে গভীর রাতে নারী হেনস্তা: ভাইরাল ভিডিওতে তোলপাড়, তদন্তে তিন সদস্যের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারী শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছেন। ভিডিওতে থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত নারীরা কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি জানান। তাদের দাবি, পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এলে তাদের হেনস্তা করা হয়।
ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন, তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করা হয়েছে। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?” আরেক নারীকে বলতে শোনা যায়, “রাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ? আমাদের কোনো প্রশ্নই করা হয়নি, সরাসরি অপমান করা হয়েছে।”
ভিডিওতে আরও শোনা যায়, এক নারী অভিযোগ করছেন যে, তাকে চড় মারা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কীভাবে এমন আচরণ করতে পারেন। একই সঙ্গে নারীরা নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন।
এদিকে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে সংঘটিত সাব্বির হত্যা মামলার আসামি। বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ঘটনার বিষয়ে শাহবাগ থানার এসআই স্বপন মিয়া গণমাধ্যমকে জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভাইরাল ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিরাপত্তা ও শিক্ষার্থীদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
