
বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্য আবারও আগের গাঢ় নীল (নেভি ব্লু ) শার্ট-প্যান্ট পোশাকে ফিরতে চান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পোশাক বিষয়ে মতামত জরিপে অংশ নেওয়া সদস্যদের মধ্যে বিপুল সংখ্যকই আগের পোশাকের পক্ষে মত দিয়েছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ পুলিশে প্রায় ২ লাখ ১২ হাজার সদস্য কর্মরত আছেন। গত সোম ও মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের নেতৃত্বে কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশের সদস্য মিলিয়ে মোট ১ লাখ ৮ হাজার ৬৪১ জন সদস্য অংশ নেন। লিখিত ফর্মের মাধ্যমে তাদের কাছে বর্তমান ও আগের পোশাক নিয়ে মতামত চাওয়া হয়।
সেসব মতামত বিশ্লেষণ করে দেখা যায়, ১ লাখ ৪ হাজার ৯১৩ জন পুলিশ সদস্য আগের নেভি ব্লু শার্ট-প্যান্ট এবং মহানগর এলাকায় সবুজ (গ্রিন) শার্ট ও গাঢ় প্যান্টের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বর্তমানে ব্যবহৃত লৌহ (আয়রন) রঙের শার্ট ও কফি (শেল) প্যান্ট রাখতে চান মাত্র ৯১১ জন সদস্য। শতকরা হিসাবে প্রায় ৯৬ দশমিক ৫৭ শতাংশ সদস্য আগের পোশাকের পক্ষে মত দিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বুধবার ডিএমপি সদর দপ্তরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান, পোশাক পরিবর্তন করলে পুলিশের মানসিক পরিবর্তন হবে কি না।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন ও ১০ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে তৎকালীন সরকার দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের নেভি ব্লু পোশাক নির্ধারণ করেছিল। সে সময় দেশের আবহাওয়া, দিনে-রাতে দায়িত্ব পালনের সুবিধা, দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।
সংগঠনটি আরও অভিযোগ করে, নতুন পোশাক নির্বাচনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মতামত, আবহাওয়া এবং মাঠপর্যায়ের বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এছাড়া নতুন পোশাকের সঙ্গে অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের আলাদা করে চিহ্নিত করাও কঠিন হয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
