টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনা: মা-ছেলেসহ ৫ জনের লাশ,পরিবার পেলো ২৫ হাজার করে টাকা
লেখক:
Arisha Eme প্রকাশ: ১ মাস আগে
টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনা: মা-ছেলেসহ ৫ জনের লাশ হস্তান্তর, পরিবার পেলো ২৫ হাজার করে টাকা
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মা-ছেলেসহ পাঁচজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
এ সময় নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূরাব নিজপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন—নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), দোলা (৩৫), সুলতান (৩৩) এবং রিফা আক্তার (২৩)। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরার পথে তাদের এই করুণ পরিণতি হয়।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসটির জ্বালানি শেষ হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ পাঁচজন নিহত হন।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া, পুরো এলাকায় বিরাজ করছে গভীর বিষাদের আবহ।
টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনা: মা-ছেলেসহ ৫ জনের লাশ হস্তান্তর