শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু: টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু: টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই

টালিউডের পরিচিত মুখ রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে হঠাৎ করেই সমুদ্রের পানিতে তলিয়ে যান তিনি। ঘটনাটি ঘটে শুটিংয়ের শেষ পর্যায়ে, যখন ইউনিটের সদস্যরা কাছেই অবস্থান করছিলেন।

পরিচালক শুভাশিস মণ্ডল জানান, একটি দৃশ্য ধারণের সময় সহ-অভিনেত্রী শ্বেতা-র সঙ্গে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন রাহুল। একপর্যায়ে ধীরে ধীরে গভীর পানির দিকে এগোতে গিয়ে ভারসাম্য হারান তিনি। ইউনিটের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও মুহূর্তেই পানির গভীরতা বেড়ে যায় এবং তিনি হাবুডুবু খেতে থাকেন।

তৎক্ষণাৎ ইউনিটের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। আশপাশের নৌকা থেকে দড়ি ফেলে এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে পানির বাইরে আনা হয়। তখনও তিনি জীবিত ছিলেন বলে জানা যায়। পরে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পানি গিলে ফেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

রাহুলের আকস্মিক মৃত্যুতে টালিউডজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং এই অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও তুলছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই তার ছিল সফল বিচরণ।

বড়পর্দায় তার যাত্রা শুরু হয় চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর জ্যাকপট, পরান যায় জ্বলিয়া রে, কাগজের বউ ও আকাশ অংশত মেঘলাসহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন।

তার এই অকাল প্রয়াণে বিনোদন জগতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

  • শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু: টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই