
কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর পড়ে থাকার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। হাসানপুর স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ট্রেনটি আবার চলা শুরু করলে হঠাৎ গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের পেছনের অংশ হঠাৎ থেমে গেলেও ইঞ্জিনসহ সামনের অংশ প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই কী ঘটেছে বুঝে উঠতে পারেননি।
পরে বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামানো হয়। রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের অভিযোগ, রেল ব্যবস্থাপনার ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে সংশ্লিষ্টরা বলছেন, বগিগুলো লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি স্টেশন অতিক্রম করার পরই ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
