
দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ৩৪ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজের আগমন। মালয়েশিয়া থেকে আসা চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজটি পৌঁছেছে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে।
শনিবার (৪ এপ্রিল) সকালে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নেয়।
জানা গেছে, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করা জাহাজটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে, যা সম্পন্ন করতে একাধিক ধাপের অপারেশন প্রয়োজন হবে।
সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, এর আগেই সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে, যা রোববার বন্দর ত্যাগ করবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে আসা দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও বিকল্প উৎসে আমদানি বাড়ানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের আমদানি অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
