
ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পৌরসভার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশের সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়।
পরে মোটরসাইকেলের আরোহীদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. আকরাম মিয়া (২১) ও নাছিমা বেগম (৪০)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আকরাম মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি এবং নাছিমা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সব মিলিয়ে তাদের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
