টানা বৃষ্টিতে হাওরে পানি বৃদ্ধি, ৩ জেলায় বন্যার শঙ্কা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির কারণে হাওরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৯টার তথ্য প্রকাশ করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ সদরে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সংস্থাটি জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ধনু-বাউলাই নদীর পানি ৮ সেন্টিমিটার এবং কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি এখনও বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে রয়েছে। একই জেলার ভুগাই-কংশ নদীও বিপৎসীমার অনেক ওপরে দিয়ে বইছে।
এছাড়া নেত্রকোনা সদরে মগরা নদীর পানি ৭৯ সেন্টিমিটার এবং আটপাড়ায় ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনি নদী এবং সুতাং রেলসেতু এলাকায় সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, সুনামগঞ্জের হাওরাঞ্চলের নদীগুলোর পানি ধীরগতিতে বাড়ছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
এদিকে মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা বাংলাদেশের উজান অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধিতে প্রভাব ফেলছে।
