
কক্সবাজার : অনলাইন জুয়া ও ক্যাসিনো বর্তমানে সমাজে মাদকের চেয়েও ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সচেতন মহল। তারা মনে করেন, এই অবৈধ কার্যক্রম তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা জানে আলম মিতুল বলেন, বিএনপি সরকার গঠনের পরপরই তিনি অনলাইন জুয়া ও ক্যাসিনো বন্ধের জোর দাবি জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন এলাকায় এই অবৈধ কার্যক্রম উদ্বেগজনক হারে বিস্তার লাভ করেছে, যা মাদকের মতোই ভয়াবহ সামাজিক সংকট তৈরি করছে।
তিনি আরও বলেন, কক্সবাজারের গর্ব, ভূমিপুত্র ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাম্প্রতিক এক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছেন।
এজন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জানে আলম মিতুল আশা প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর দৃঢ় ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনোর মতো সামাজিক ব্যাধি দ্রুত বন্ধ হবে এবং দেশের তরুণ সমাজ একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ পাবে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
