ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আবু বক্কর রিফাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বোর্ডিং মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবু বক্কর রিফাত নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১২ মে) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।
এর আগে একইদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা হাতে লিমন আল স্বাধীন বিভিন্ন স্লোগান দিলে তার সমর্থকরা পাল্টা স্লোগান দেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে মাথায় সাদা ক্যাপ পরিহিত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী অংশ নেন।
পরে সকাল পৌনে ১১টার দিকে লিমন আল স্বাধীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।