রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, আদালতে চার্জশিট আজ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, আদালতে চার্জশিট আজ

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জোরপূর্বক ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয় এবং পরে মরদেহ বিকৃত করা হয়।

রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার পর এ তথ্য জানা যায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার–এর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে বলে জানা গেছে। সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি পরিচালনার জন্য সরকার আইনজীবী আজিজুর রহমান দুলু–কে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ–এর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক–এর আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা জানান, মঙ্গলবার (১৯ মে) সকালে রামিসাকে নিজের কক্ষে নিয়ে যান তিনি। পরে ঘটনাটি ঘটে। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তার স্ত্রীও একই কক্ষে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, নিহত রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফ্ল্যাটে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর পালিয়ে যান প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন।

  • আদালতে চার্জশিট আজ
  • রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ