ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে নানা আকর্ষণের মধ্যে এবার আলোচনায় এসেছে একটি বিশালাকৃতির কালো ষাঁড়। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। আর এই অদ্ভুত নামকরণ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাস্যরস।
খামারির দাবি, গরুটি অনেক বেশি চিৎকার করে এবং প্রচুর খাবার খায়। আর সেই স্বভাবের কারণেই শখ করে এমন নাম রাখা হয়েছে।
রোববার (২৪ মে) গরুটি ও এর মালিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই কোরবানির হাটে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’কে এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাটে দাঁড়িয়ে গরুর মালিক নিজেই নামকরণের কারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন,
“এটার নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী। অনেক চিল্লায় দেখে এই নাম রাখছি। খাওয়ার জন্যই বেশি চিল্লায়, খাবার কম পড়লেই ডাকাডাকি শুরু করে।”
গরুটির খাদ্যাভ্যাস নিয়েও দিয়েছেন চমকপ্রদ তথ্য। মালিক জানান, বিশাল আকৃতির এই কালো ষাঁড়টি এক চুমুকেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড়ও দিতে হয়।
বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। এই দামে ক্রেতা মিললে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’কে বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন খামারি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে নেটিজেনদের মধ্যেও দেখা গেছে নানা রসাত্মক প্রতিক্রিয়া।
খোরশেদ আলম নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন,
“এখন ঠিক আছে, এর নাম শুনে গরু রাগ করবে না তো!”
হিরণ আলী নামে আরেকজন লিখেছেন,
“ফিড বেশি খাওয়ানো হইছে, তাই অস্থিরতার কারণে চিল্লায়।”
মো. মহসিন হোসেন মন্তব্য করেছেন,
“খুব সুন্দর একটা নাম।”
আর সাব্বির আহমেদ প্রতীক রসিকতা করে লিখেছেন,
“পাটওয়ারীর শেষ রক্ষা হলো না!”
ঈদ সামনে রেখে কোরবানির হাটে এমন বিচিত্র নামকরণ ও ভাইরাল ভিডিও এখন নেটিজেনদের বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।