সীতাকুণ্ডে গভীর রাতে র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো দেয়াল
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গভীর রাতে র্যাবের একটি নির্মাণাধীন ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলা হয়।
রোববার (২৪ মে) দিবাগত রাত দুইটার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য কুখ্যাত ইয়াসিন বাহিনীকে দায়ী করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ক্যাম্পে হামলা চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে ফেলা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হলে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। নানা প্রতিবন্ধকতার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করে এবং কয়েকজনকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা কামাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখান, কীভাবে রাস্তা ও কালভার্ট কেটে ফেলা হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর যান চলাচল বন্ধ করতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। ফলে সদস্যদের অনেক দূরে গাড়ি রেখে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়।
দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।
গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সরকার সেখানে পুলিশ ও র্যাবের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। হামলার শিকার নির্মাণাধীন ক্যাম্পটি সেই প্রকল্পের অংশ বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ অভিযানে ২২ জন গ্রেপ্তার হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন ও রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছেন।
