নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ।

লেখক: ইয়াছিন চৌধুরী,
প্রকাশ: ৯ ঘন্টা আগে
নাসিরনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে সরকারি খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

জানা যায়, সম্প্রতি টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে উপজেলার বিভিন্ন হাওরাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে গোয়ালনগর, বুড়িশ্বর ও নাসিরনগর সদর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। মেদির হাওরসহ বিভিন্ন এলাকায় পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘব ও তাদের আর্থিক সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৯৮টি কৃষক পরিবারকে প্রতি মাসে ১৫ কেজি করে দুই মাসের মোট ৩০ কেজি চাল এবং মাসিক ৩ হাজার টাকা হারে দুই মাসের মোট ৬ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৪৪৩টি পরিবারকে এককালীন ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে আরও ২ হাজার পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির সেন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সংসদ সদস্য এম এ হান্নান বলেন, হাওরাঞ্চলের কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষকদের পুনর্বাসন ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, যাতে কোনো প্রকৃত কৃষক সহায়তা থেকে বঞ্চিত না হয়।