
তাহিরপুর,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে পানিতে লাফ দিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায়,নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৭আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ১০টার উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতের সঙ্গী ও হাউসবোট সদস্যদের সূত্রে জানাযায়,বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে স্থানীয় একটি হাউসবোটে রওনা হন। পথে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন। এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের উদ্দেশ্যে পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপরে উঠে আসেননি। বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছ। নিহতের স্বজনরা যোগাযোগ করেছেন তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।
