চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর-৩৫ (২০ সেপ্টেম্বর ২০২৬)-এর পলাতক এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি মো. হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ আভিযানিক দল সরাইলের পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তুলাতুলি বস্তি, গোয়ালপাড়া এলাকার মো. মাসুদের ছেলে।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।