ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে প্রায় দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে রাতে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টর্চলাইটের আলো জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।