আন্তর্জাতিক ডেস্ক: ২৩ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
সৌদি আরবের যৌথ সামরিক বাহিনী হুথি বিদ্রোহীদের একটি বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। রাজধানী রিয়াদ এবং নাজরান শহরকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করা হয়েছে। দেশের নিরাপত্তা রক্ষা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়।
যৌথ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছেন, ভোর চারটার দিকে এই হুতি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়। এর মধ্যে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নাজরানের দিকে এবং অন্যটি রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।
একই সাথে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের দক্ষিণ অঞ্চলের দিকে পাঠানো দুটি বিস্ফোরক ড্রোন সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। এতে বড় ধরনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
মুখপাত্র তুর্কি আল-মালিকি আরও জানান, চলতি মাসে সৌদি আরবের ওপর হুতি বিদ্রোহীদের হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে হুথিরা মোট ১৪টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন নিক্ষেপ করেছে।
বিদ্রোহীদের সাম্প্রতিক এসব হামলায় রাজধানী রিয়াদ, খামিস মুশাইত, নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্যবস্তু করার চেষ্টা চালানো হয়। তবে অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর পবিত্র মদিনা শহরকে লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল হুথিরা। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপ নিয়ে সেই হামলাও ব্যর্থ করে দেয়।
সামরিক বাহিনীর মুখপাত্রের মতে, হুথি মিলিশিয়ারা প্রতিনিয়ত বিমানবন্দর, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন বেসামরিক এলাকাকে নিশানা বানিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
চলতি মাসে সৌদি আরবে চালানো এসব হুথি হামলার কারণে বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী, এসব হামলায় এ পর্যন্ত ২৪ জন নিহত এবং ৩৭৪ জন আহত হয়েছেন।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।