আন্তর্জাতিক ডেস্ক: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ লাহোরে স্কুটি চালানোর সময় এক ব্যক্তির হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া তরুণীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি ওই তরুণীকে অপরাধীর কাছ থেকে পাওয়া আঘাতের জবাবে তাকে পাল্টা চড় মারার পরামর্শ দিয়েছিলেন। তবে ভুক্তভোগী তরুণী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মরিয়ম নওয়াজ জানান, তিনি নিজে ওই তরুণীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে বলা হয়েছিল যেন অভিযুক্ত ব্যক্তি তাকে যতগুলো চড় মেরেছে, তরুণীও যেন তাকে ঠিক ততগুলো চড় মারেন।
মুখ্যমন্ত্রী জানান, তরুণী এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, সরকার তাকে যে সুরক্ষা ও যত্নের অনুভূতি দিয়েছে এবং তার পক্ষে ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে, সেটিই তার জন্য যথেষ্ট।
এর আগে লাহোরে ওভারটেকিং সংক্রান্ত একটি বিরোধের জেরে স্কুটিচালক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তির নাম গোলাম মুস্তফা। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে লাহোরের মোজাং লিংক রোডে। সেখানে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীর স্কুটিকে ওভারটেক করে তার পথ রোধ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মামলার এজাহারে (এফআইআর) বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে তরুণীর চুল ধরে টানে, তাকে গালিগালাজ করে এবং হেনস্থা করে। এছাড়া সে তরুণীর ব্যাগ ছিনিয়ে মাটিতে ফেলে দেয়, যার ফলে আনুমানিক ৫০ হাজার রুপি মূল্যের একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।
হামলার ঘটনায় ওই তরুণীর মুখে আঘাত লাগে এবং তার নাকের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে দেখা যায় মোটরসাইকেল আরোহী ব্যক্তি তরুণীকে থামায়, তাকে ধরে মাটিতে ফেলে দেয়। পরে পথচারীরা এগিয়ে এসে তরুণীকে উদ্ধার করেন।
জরুরি হেল্পলাইন ১৫-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভুক্তভোগী তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে শুরুতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ঘটনাটি নজরে আসার পর লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (অপারেশন্স) অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। বর্তমানে মোজাং পুলিশ স্টেশনে মামলা দায়ের করে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।