শিক্ষা ডেস্ক: ১১ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে ৭৫৩ পদে কর্মকর্তা নিয়োগের জন্য আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রক্রিয়ায় পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসরণ করে সম্পূর্ণ নিয়োগ সম্পন্ন করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়োগের পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে, যেখানে লিখিত ও মৌখিক পরীক্ষা, মেধাতালিকা প্রকাশ, নম্বর বণ্টন ও নিয়োগ সুপারিশের নানা নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
পেট্রোবাংলার প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, প্রশাসন, অর্থ ও কারিগরি—এই তিনটি ক্যাডারের প্রতিটি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৬ জনকে (১:৬ অনুপাতে) মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে ডাকার ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা কোনোভাবেই ২ জনের কম হবে না।
পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের ক্ষেত্রেও বিশেষ নিয়ম নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ প্রার্থীদের তালিকা কেবল রোল নম্বরের ক্রমানুসারে প্রকাশ করা হবে। এই তালিকায় কোনো মেধাক্রম, প্রাপ্ত নম্বর কিংবা প্রার্থীর নাম উল্লেখ থাকবে না। উক্ত ফলাফল দৈনিক পত্রিকা এবং পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করবে পেট্রোবাংলার কেন্দ্রীয় সিলেকশন কমিটি। প্রার্থীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে এই তালিকা তৈরি হবে। এরপর প্রার্থীদের মেধাক্রম এবং তাদের দেওয়া প্রতিষ্ঠানের পছন্দক্রম বিবেচনা করে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোতে নিয়োগের সুপারিশ করা হবে। প্রথমত মেধাতালিকা এবং দ্বিতীয়ত প্রার্থীর পছন্দক্রমকে প্রাধান্য দেওয়া হবে।
কমিটি কর্তৃক যাচাই ও সুপারিশ করা প্রার্থীদের তালিকা পেট্রোবাংলা কর্তৃপক্ষের অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানিতে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করবে। এছাড়া পেট্রোবাংলা ও অধীনস্থ কোম্পানিগুলোর ক্যাডারভিত্তিক শূন্যপদ একত্র করে অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তীতে পুনরায় প্রার্থী বাছাই ও সুপারিশের সুযোগ রাখা হয়েছে।
নীতিমালায় একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী একবার নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে গেলে পরবর্তীতে আর অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেশন বা বদলি হওয়ার সুযোগ পাবেন না।
নিয়োগ পরীক্ষার সর্বমোট নম্বর নির্ধারণ করা হয়েছে ১০০। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীদের ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। নম্বর বন্টনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৭৫ নম্বর, শিক্ষাগত যোগ্যতায় ১৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। ক্যাডার ভেদে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও শিক্ষাগত যোগ্যতার বিভাজন আলাদা হবে।
পেট্রোবাংলার প্রকাশিত এই ৭৫৩টি পদে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ নীতিমালার ফাইল পেট্রোবাংলার নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।