আন্তর্জাতিক ডেস্ক: ১২ নভেম্বর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
আর্জেন্টিনায় গৃহবন্দি অবস্থায় থাকা ইতালির চরম বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘রেড ব্রিগেডস’-এর সাবেক সদস্য লিওনার্দো বার্তালাজ্জি পালিয়ে গেছেন। ৭৪ বছর বয়সী বার্তালাজ্জি একটি হার্নেস ও দড়ি ব্যবহার করে একটি পাঁচতলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে নেমে আত্মগোপন করেন। তার সন্ধানে পুরো আর্জেন্টিনাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
আর্জেন্টিনা পুলিশ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছে, বার্তালাজ্জি মঙ্গলবার পালিয়ে যান এবং বুধবার পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। ইতালিতে পাঠানো হলে তাকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ইতালি থেকে পালিয়ে আর্জেন্টিনায় শরণার্থী হিসেবে থাকার পর সম্প্রতি বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ার মিলির সরকারের অধীনে তার শরণার্থী মর্যাদা বাতিল করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বার্তালাজ্জি পাঁচতলা থেকে নেমে পাশের একটি বাড়ির দোতলার টেরাসে পৌঁছান। সেখান থেকে তিনতলার টেরাসে নেমে একটি পরিত্যক্ত জমি পেরিয়ে এবং গেট ডিঙিয়ে রাস্তায় বের হয়ে যান। তার পায়ে থাকা ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটরটি আগে থেকেই অকার্যকর করে রাখায় কর্তৃপক্ষ অবিলম্বে তার অনুপস্থিতি টের পায়নি।
কর্মকর্তারা জানান, তিনি অ্যাঙ্কেল মনিটরটি তাপমাত্রা ধরে রাখার জন্য একটি থার্মাল ব্ল্যাঙ্কেট এবং চর্বিযুক্ত পদার্থের মধ্যে রেখে দিয়েছিলেন, যাতে এর ভেতরের আর্দ্রতা বজায় থাকে। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞরা ডিভাইসটি পরীক্ষা করেন, যা একটি বিস্ফোরক সদৃশ করে সাজানো হয়েছিল।
বার্তালাজ্জির সন্ধান বা তাকে গ্রেপ্তার করতে সহায়তা করতে পারে এমন তথ্যের জন্য আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় ২ কোটি পেসো (প্রায় ১৩ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে। ইতালির সাবেক এই সন্ত্রাসী ইতালির একটি আদালতে অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রেড ব্রিগেডস ছিল একটি চরম বামপন্থী সশস্ত্র সংগঠন, যা ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইতালিতে একের পর এক অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল। ওই সময়টিকে ইতালির ইতিহাসে ‘ইয়ার্স অব লিড’ বলা হয়। এই গোষ্ঠীটি ১৯৭৮ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী আলদো মোরোকে অপহরণ ও হত্যা করে।
আর্জেন্টিনার কর্তৃপক্ষের মতে, বার্তালাজ্জি রেড ব্রিগেডসের জেনোয়া শাখার সদস্য ছিলেন এবং আলদো মোরোর অপহরণের লজিস্টিক সহায়তায় যুক্ত ছিলেন। ১৯৮০-এর দশকে ইতালির আদালত তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে ২৭ বছরের কারাদণ্ড দেয়।
তিনি ২০০২ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। তবে ২০০৩ সালে আর্জেন্টিনার একজন বিচারক ইতালির প্রত্যর্পণ আবেদন প্রত্যাখ্যান করেন, কারণ ইতালীয় আইনে অনুপস্থিতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নতুন বিচারের সুযোগ দেওয়ার নিশ্চয়তা ছিল না। পরবর্তীতে ২০০৪ সালে তাকে আর্জেন্টিনায় শরণার্থী মর্যাদা দেওয়া হয়।
তবে ২০২৪ সালে হাভিয়ার মিলির সরকার তার শরণার্থী মর্যাদা বাতিল করে এবং সে বছরের আগস্টে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। গত বছর আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট তাকে ইতালিতে প্রত্যর্পণের আবেদন মঞ্জুর করে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ওয়ান্ডা ফেরো স্থানীয় টেলিভিশনে বলেছেন, বার্তালাজ্জিকে ইতালির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আর্জেন্টিনা পুলিশের ছিল। তিনি আশা প্রকাশ করেন যে, তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হলে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।