আন্তর্জাতিক ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
যুক্তরাজ্যে ২৫ বছরের কম বয়সী তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানগুলোর দেওয়া ন্যাশনাল ইন্স্যুরেন্স বা এনআই (NI) কর পর্যায়ক্রমে কমিয়ে আনার আহ্বান জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ বর্তমানে কোনো ধরনের কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের (নিটস) মধ্যে নেই।
রিপোর্টে প্রস্তাব করা হয়েছে, খুচরা বিক্রেতা ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতের মতো ব্যবসাগুলোতে এনআই খরচ কমিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ উন্নত করা উচিত। কারণ এই খাতগুলো বর্তমানে তরুণদের মোট চাকরির প্রায় ৪০ শতাংশ জোগান দেয়।
সাবেক লেবার মন্ত্রী অ্যালান মিলবার্নের তৈরি করা এই স্বাধীন প্রতিবেদনটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এতে উল্লেখ করা হয়েছে যে, ২১ থেকে ২৪ বছর বয়সী কর্মচারীদের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান কর প্রদান করে, তাদের জন্য করসীমা ৫ হাজার পাউন্ড থেকে বাড়িয়ে ১০ হাজার পাউন্ডে উন্নীত করা উচিত।
বর্তমানে যুক্তরাজ্যে ২১ বছরের কম বয়সী কর্মী বা ২৫ বছরের কম বয়সী এপ্রেন্টিসদের জন্য তাদের বার্ষিক আয় ৫০,২৭০ পাউন্ডের নিচে হলে মালিকদের কোনো অতিরিক্ত ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় না। তবে ২১ থেকে ২৪ বছর বয়সী সাধারণ কর্মীদের ক্ষেত্রে বার্ষিক আয় ৫,০০০ পাউন্ড অতিক্রম করলেই মালিকদের ১৫ শতাংশ হারে এনআই দিতে হয়।
নটিংহ্যামে তিনটি পার্লারের মালিক কোল্ট অসবর্ন বিবিসিকে জানিয়েছেন, কর্মসংস্থান ও অন্যান্য খরচের চাপে তিনি এখন আর নতুন কোনো শিক্ষানবিশ নিয়োগ দিতে পারছেন না। আগে যেখানে তিনি বছরে ৮ জন করে নতুন কর্মী প্রশিক্ষণ দিতেন, এখন অতিরিক্ত খরচের কারণে তা বন্ধ করে দিতে হয়েছে। ফলে তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে ২১ জনে নেমে এসেছে।
কোল্ট অসবর্ন জানান, একজন নতুন শিক্ষানবিশকে গ্রাহকদের কাজ করার উপযোগী করে তুলতে প্রায় ৬০,০০০ পাউন্ড খরচ হয়। সন্তানকে চাকরিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে অনেক অভিভাবক নিজে থেকে বেতন পরিশোধের প্রস্তাবও দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। কিন্তু সরকারি নীতি ও নিয়োগ ব্যয়ের কারণে তিনি নতুন কাউকে নিয়োগ দিতে পারছেন না।
অ্যালান মিলবার্নের রিপোর্টে তরুণদের জন্য ভাতা সংস্কারের কিছু বিতর্কিত প্রস্তাবও রয়েছে। ২৫ বছরের কম বয়সীদের জন্য বিশেষ হেলথ এলিমেন্ট ইউ ইউনিভার্সাল ক্রেডিট বা পিআইপি বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি তরুণদের জন্য কাজ বা প্রশিক্ষণের আইনি গ্যারান্টি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা প্রত্যাখ্যান করলে ভাতা বাতিল হতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান রেজুলেশন ফাউন্ডেশনের মতে, ২১ থেকে ২৪ বছর বয়সীদের জন্য এনআই সম্পূর্ণ তুলে নিলে সরকারের প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড খরচ হবে। তবে মিলবার্ন মনে করেন, একযোগে এই কর না কমিয়ে ধাপে ধাপে ভর্তুকি ও সহায়তার মাধ্যমে তরুণদের কাজের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
যুক্তরাজ্যের কর্ম ও পেনশন মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, সরকার ১৮ থেকে ২৪ বছর বয়সী ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতাদের জন্য ভর্তুকিযুক্ত চাকরি গ্যারান্টি প্রকল্প সম্প্রসারণ করবে। এর মাধ্যমে ২০২৯ সালের মার্চের মধ্যে ৯০ হাজারেরও বেশি তরুণ কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।