
বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং প্রদর্শনী মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিসট্যান্স প্রজেক্ট (ফ্রিপ)’-এর আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিপ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মো: হুমায়ুন কবির। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও উন্নত উৎপাদন প্রযুক্তি গ্রহণ করতে হবে। ফ্রিপ প্রকল্প হাওর অঞ্চলের কৃষকদের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে।”
বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম-এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা-এর সঞ্চালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ডিএই ব্রাহ্মণবাড়িয়ার ফারহানা নাজনীন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এবং মো: শফিকুর রহমান, কৃষি প্রকৌশলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: হুমায়ুন কবির ভুঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহা: নুরে আলম এবং উপসহকারী কৃষি অফিসার মো: জহিরুল ইসলাম।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয় ছিল:
* বসতবাড়িতে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ।
* উন্নত ফল বাগান ব্যবস্থাপনা।
* উচ্চফলনশীল শাক-সবজি উৎপাদন প্রযুক্তি।
মাঠ পরিদর্শন ও সন্তোষ প্রকাশ
প্রশিক্ষণ শেষে সহকারী প্রকল্প পরিচালক মহোদয় উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসারসহ উপজেলার হরষপুর ইউনিয়নে ফ্রিপ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন ফসলের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন। বিশেষ করে তেল ফসল (সরিষা), মসলা (পেঁয়াজ) এবং লতানো নয় এমন (নন-ক্রিপার) সবজি প্রদর্শনীর বর্তমান অবস্থা দেখে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় উপসহকারী কৃষি অফিসার মো: নাছির উদ্দিন ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি হাওর অঞ্চলের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫-২৬ অর্থ বছরে এ পর্যন্ত ৩৩০ জন কৃষক-কৃষাণী কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
