
জেলা প্রতিনিধি : স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫ এক অনন্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের ৬১টি জেলার ৯২টি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা-প্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৪৮টি ইউনিট এবং ১৬টি পরিবারের প্রায় ১৫০০-এর অধিক বাঁধনকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাঁধনকর্মীরা এই মিলনমেলায় একত্রিত হয়ে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। একে অপরের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময়, প্রাণবন্ত আড্ডা ও হাসিতে ভরে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, মাননীয় উপাচার্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন: প্রফেসর ড. ময়নুল হক, উপ-উপাচার্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় । প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় । প্রফেসর ড. মোঃ সফিউল আলম আফ্রাদ, কোষাধ্যক্ষ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় । প্রফেসর মোঃ আমান উল্লাহ্, অধ্যক্ষ, আনন্দ মোহন কলেজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম গাজী, সভাপতি, বাঁধন কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২৫) এবং সঞ্চালনা করেন মো: শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২৫)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষক-উপদেষ্টাবৃন্দ, বাঁধনের স্বপ্নদ্রষ্টা শাহিদুল ইসলাম রিপন এবং কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বাঁধনের কার্যক্রম, মানবসেবায় অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিথিবৃন্দ তাঁদের অভিমত প্রকাশ করেন এবং সংগঠনটির প্রশংসা করেন। এসময় কেন্দ্রীয় পরিষদের বার্ষিক প্রতিবেদন (২০২৪-২৫) এবং ১৬টি জোনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে নতুন কেন্দ্রীয় পরিষদ (২০২৫-২৬) ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত সদস্যরা তাঁদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ব্লাড অলিম্পিয়াড’-এর ফাইনাল রাউন্ড এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
মানবসেবার লক্ষ্যে আত্মনিবেদিত বাঁধন এক সুসংগঠিত ও আদর্শিক তরুণদের মিলনস্থল হিসেবে নিজেকে বারবার প্রমাণ করে চলেছে। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতার একটি উজ্জ্বল উদাহরণ।
জয় হোক মানবতার, জয় হোক বাঁধনের।
