— বিজ্ঞাপন —

বালিয়াড়ি রক্ষায় উচ্ছেদ অভিযান, ইনানীতে সৈকত ঘেঁষে বহুতল নির্মাণ—কোথায় নজরদারি?

বালিয়াড়ি রক্ষায় উচ্ছেদ অভিযান, ইনানীতে সৈকত ঘেঁষে বহুতল নির্মাণ—কোথায় নজরদারি?
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার : একদিকে সৈকতের বালিয়াড়ি রক্ষায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, অন্যদিকে সেই সৈকত ঘেঁষেই গড়ে উঠছে বহুতল ভবন। পরিবেশ সংরক্ষণ আইন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) বিধিনিষেধ এবং আদালতের নির্দেশনা নিয়ে নানা প্রশ্নের মধ্যেই কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে নতুন করে আলোচনায় এসেছে পেভেলস্টোন রিসোর্ট। অভিযোগ উঠেছে, সৈকতের বালিয়াড়ি দখল করে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এতে হুমকির মুখে পড়ছে ইনানীর প্রাকৃতিক পরিবেশ ও সৈকতের স্বাভাবিক সৌন্দর্য।

সরেজমিনে দেখা গেছে, ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পেভেলস্টোন রিসোর্টের পাশে বড় আকারের বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ভবনটির একাধিক তলার কাঠামো দৃশ্যমান হয়েছে। ছাদ ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। সৈকতের বালুময় এলাকার খুব কাছাকাছি এমন স্থাপনা নির্মাণের ফলে বালিয়াড়ির স্বাভাবিক অবস্থা ও উপকূলীয় পরিবেশের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৯৯৯ সালে সরকার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, এ এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, বালিয়াড়ি, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। ফলে সমুদ্রসৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি ধ্বংস, ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন কিংবা পরিবেশের ক্ষতিকর স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

— বিজ্ঞাপন —

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।
কিন্তু উচ্ছেদ কার্যক্রমের মধ্যেও একই এলাকায় নতুন করে নির্মাণকাজ চলতে থাকায় প্রশাসনিক নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বহুতল ভবন নির্মাণের বিষয়ে পেভেলস্টোন রিসোর্টের মালিক জেমস বাবু হাজরা প্রতিবেদককে বলেন, “এটি আমার মালিকানাধীন জায়গা। সব বৈধ অনুমতি নিয়েই বহুতল ভবনটি নির্মাণ করছি। এ জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও রয়েছে।”

মালিকপক্ষের এমন বক্তব্যের পরও প্রশ্ন উঠেছে, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকলে সেই নির্দেশের আওতাভুক্ত জমিতে কীভাবে বহুতল ভবনের নির্মাণকাজ এগিয়ে যাচ্ছে? আদালতের আদেশের প্রকৃত বিষয়বস্তু, জমির সীমানা এবং নির্মাণকাজের সঙ্গে আদেশের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।

এ বিষয়ে পরিবেশ আইনজীবী জসিম আজাদ বলেন, “কক্সবাজার সমুদ্রসৈকতে দখলদারিত্ব যেন থামছেই না। ইসিএ এলাকায় এ ধরনের নির্মাণ সম্পূর্ণ বেআইনি। দ্রুত উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।”

তিনি আরও বলেন, “মালিকপক্ষ যদি দাবি করে থাকে, এ জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তাহলে প্রশ্ন হচ্ছে সেই নির্দেশ থাকা অবস্থায় কীভাবে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে? আদালতের আদেশের আওতাভুক্ত জমিতে নির্মাণকাজ চলার সুযোগ কোথায়? বিষয়টি অবিলম্বে যাচাই করা প্রয়োজন। আদালতের নির্দেশ অমান্য হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননাসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ইসিএ এলাকার বালিয়াড়ি ও সৈকতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অবৈধ স্থাপনা অপসারণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

এর আগে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ওই অভিযানে প্রায় তিন একর জমি থেকে অস্থায়ী স্থাপনা এবং আরও এক একর জমি থেকে সেমিপাকা রিসোর্ট উচ্ছেদ করা হয়।

অন্যদিকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান বলেন, “বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।”
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকে বলেন, “স্থাপনাটির বিষয়ে এখন অবগত হলাম। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, সমুদ্রসৈকতের বালিয়াড়ি শুধু বালুর স্তূপ নয়; এটি উপকূলকে ঢেউ, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদে সৈকতের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ অবস্থায় পেভেলস্টোন রিসোর্টের নির্মাণাধীন ভবনটির জমির মালিকানা, ইসিএ এলাকার মধ্যে অবস্থান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদনসহ সব ধরনের সরকারি অনুমোদন যাচাই করা জরুরি।

স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্তে প্রশাসনকে দ্রুত সরেজমিন পরিদর্শন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনসম্মত ব্যবস্থা হিসেবে নির্মাণকাজ বন্ধ রাখার উদ্যোগ নিতে হবে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ প্রমাণিত স্থাপনা অপসারণ নিশ্চিত করতে হবে। অন্যথায় উচ্ছেদ অভিযানের মধ্যেও ইনানী সৈকতের বালিয়াড়ি ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗