আন্তর্জাতিক ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
দেশের বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা আবাসনের বেহাল দশা পরিলক্ষিত হচ্ছে। কোথাও বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পরিত্যক্ত পড়ে রয়েছে সরকারি কোয়ার্টার, আবার কোথাও চরম ঝুঁকিপূর্ণ ভবনেই বাধ্য হয়ে বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মেরামত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বহু সরকারি ভবন এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, অনেক কোয়ার্টার দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় ভবনগুলোর দেয়ালে ফাটল ধরেছে এবং প্লাস্টার খসে পড়ছে। জানালা-দরজা ভেঙে নষ্ট হয়ে গেছে। দেখভালের অভাবে ভবনগুলোর চারপাশে ঝোপঝাড় গজিয়ে উঠেছে, যা সার্বিক পরিবেশকে অস্বাস্থ্যকর ও নিরাপত্তাহীন করে তুলছে।
অন্যদিকে যেখানে বিকল্প আবাসন সুবিধা নেই, সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য হয়েই এসব জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করছেন। বর্ষাকালে ভবনগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে এবং ছাদের ঢালাই ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থারও চরম অবনতি ঘটেছে অনেক স্থানে।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কোয়ার্টার সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নতুন কোয়ার্টার নির্মাণ কিংবা পুরনো ভবন সংস্কার না করায় একদিকে সরকারি সম্পদের অবক্ষয় হচ্ছে, অন্যদিকে কর্মচারীদের আবাসন সংকট প্রকট রূপ ধারণ করছে।
সংশ্লিষ্ট এলাকার অধিবাসী ও সচেতন মহল মনে করছেন, এসব পরিত্যক্ত কোয়ার্টার দ্রত সংস্কার করে ব্যবহারের উপযোগী করা অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। এতে একদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থানের সুব্যবস্থা হবে, অন্যদিকে সরকারি সম্পত্তি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।