জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে খসড়া অধ্যাদেশ প্রস্তুত, উপদেষ্টামণ্ডলিতে অনুমোদনের অপেক্ষা
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে। আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।পোস্টে ড. আসিফ নজরুল বলেন, “জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে, সেজন্য দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ ও সাংবিধানিক। বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনধিক্কৃত সরকারের পতনের পর এমন দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে। একইভাবে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল উল্লেখ করেন তিনি।
আইন উপদেষ্টা জানান, এসব আইনগত নজির ও সাংবিধানিক ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। “ইনশাল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেন তিনি। পোস্টের শেষাংশে ড. আসিফ নজরুল বলেন, “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব। এই ঘোষণার পর জুলাই গণঅভ্যুত্থান ও দায়মুক্তি আইন নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।