
চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুসংহত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে, যিনি সরাসরি পাম্পের কার্যক্রম তদারকি করবেন।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পের জ্বালানি মজুত ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ট্যাগ অফিসার নিয়োগ দেবেন। উপজেলা পর্যায়ে এই দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও), যারা তাদের অধিক্ষেত্রে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে এ দায়িত্বে নিয়োজিত করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে পেট্রোল পাম্পের জ্বালানি মজুত, সরবরাহ ও কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং প্রতিদিনের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন। ইতোমধ্যে দ্রুত সময়ের মধ্যে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে।
