দুর্নীতির অভিযোগে সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের ধানমন্ডি-গুলশানের ফ্ল্যাটসহ বিপুল সম্পদ জব্দ

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
দুর্নীতির অভিযোগে সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের ধানমন্ডি-গুলশানের ফ্ল্যাটসহ বিপুল সম্পদ জব্দ

ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছেন আদালত। তার ধানমন্ডি ও গুলশানের দুটি ফ্ল্যাটসহ মোট ১৬ দশমিক ২৩ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ফাহমী গোলন্দাজ বাবেলের স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ফাহমী গোলন্দাজ বাবেল ক্ষমতার অপব্যবহার করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পত্তি অর্জন করেন।

এছাড়া তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা এবং ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে এবং মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তকালে জানা গেছে ফাহমী গোলন্দাজ বাবেল তার স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তদন্তের স্বার্থে এবং সম্পদ সংরক্ষণের জন্য তার স্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত প্রয়োজন বলে মনে করে আদালত এই আদেশ দেন।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

  • দুর্নীতির অভিযোগে সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের ধানমন্ডি-গুলশানের ফ্ল্যাটসহ বিপুল সম্পদ জব্দ