ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন গ্রেপ্তার

লেখক: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, ৩৫০ বোতল ফেন্সিডিল, ৩০২ বোতল স্কফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রবিবার (১৩ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া দৌলতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পাচারের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১। আনিছ (৩৫), পিতা মৃত ইসমাইল, সাং মেরেশানি, থানা বিজয়নগর।
২। মিজান (২৮), পিতা মৃত নান্নু মোল্লা, সাং লালপুর নোয়াগাঁও, থানা আশুগঞ্জ।
৩। সোহেল (৩৬), পিতা আব্দুল গনি মিয়া, সাং চাউড়া (দৌলতবাড়ি), থানা বিজয়নগর।
৪। আকলিমা আক্তার আখি (২৫), পিতা মৃত আবু তাহের, সাং চাউড়া (দৌলতবাড়ি), থানা বিজয়নগর।

ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সব মাদকদ্রব্য ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকচক্রের পেছনে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, ডিবির এই সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।