ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সব উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।এদিকে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, ময়মনসিংহ সদর আয়োজিত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।