মোবাইল নিষেধাজ্ঞা বাতিল না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে ইসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইসি যেভাবে জনগণের রোষানলে পড়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
জনসভায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “আমরা দেখছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্যদেরটা নিচ্ছে না। আপনারা ভাবুন—এটা কতটা নৈতিক? বিজ্ঞাপন লাগলে আমরাও দেবো। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে—জনগণ আমাদের পক্ষে আপনাদের দেবে। কিন্তু আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, অন্য দলেরটা করছেন না—এটা তো ফেয়ার হচ্ছে না।”
নাহিদ ইসলামের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে মোবাইল নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। বিরোধী দল ও বিভিন্ন নাগরিক মহল মনে করছে, এই সিদ্ধান্ত স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
