সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

লেখক: মোঃশরিফ মিয়া
প্রকাশ: ৮ মাস আগে

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ৯ বছর বয়সী ময়না নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে। পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার (৫ জুলাই) আনুমানিক বিকেল ৩টা থেকে ময়না নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকেই পরিবার ও এলাকাবাসী ব্যাপকভাবে তাকে খুঁজতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং এলাকাজুড়ে মাইকিং করে মেয়েটিকে খোঁজার চেষ্টা চালানো হয়।

অবশেষে আজ রবিবার, ৬ জুলাই সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে ময়নার নিথর দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এবং এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

(মন্তব্য: ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ না করাই শ্রেয়।)