বিনোদন ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
রাজধানীর বিমানবন্দরের কাওলা আবাসিক এলাকায় কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবনটি নির্মাণকাজের ১১ বছর পার হলেও চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকার কারণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই স্থাপনাটির অবকাঠামো নষ্ট হচ্ছে। প্রকল্পটিকে কার্যকর করতে না পারায় একে সরকারের অর্থের চরম অপচয় ও কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
বেবিচকের বোর্ড সভার নথি অনুযায়ী, কাওলায় নির্মিত এই কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১০ সালের ৯ জুন এবং তা শেষ হয় ২০১৫ সালের ৩০ জুন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএনএইচসিএল-এমবিই কনসোর্টিয়াম জেভি এটি নির্মাণ করে। এতে বেবিচকের নিজস্ব তহবিল থেকে খরচ হয় ১৯ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৪৮ টাকা।
শুধু ভবন নির্মাণই নয়, সেখানে যাতায়াত ও আনুষঙ্গিক সুবিধার জন্যও বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। ন্যাশনাল ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সংযোগ সড়ক, অভ্যন্তরীণ চলাচলের রাস্তা ও পার্কিং ব্যবস্থা তৈরিতে খরচ হয় ২০ কোটি টাকা। এছাড়া বৈদ্যুতিক কাজে ব্যয় হয় আরও ৫ কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্পটিতে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় হলেও দীর্ঘ ১১ বছরেও তা সচল হয়নি।
মোট এক লাখ ৯৯ হাজার ৮২০ বর্গফুট জমির ওপর নির্মিত এই প্রকল্পের মধ্যে মূল কনভেনশন হল ও সহায়ক স্থাপনার আয়তন ২৬ হাজার ৮০০ বর্গফুট এবং অ্যানেক্স ভবনের আয়তন ২৯ হাজার ৫০০ বর্গফুট। এতে ৫০০ ধারণক্ষমতাসম্পন্ন কনভেনশন হল, ইনডোর গেমস, পাঠাগার, সাইবার ক্যাফে ও অতিথি কক্ষ থাকার কথা ছিল। কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম এবং বাণিজ্যিক অনুষ্ঠানের মাধ্যমে এখান থেকে রাজস্ব আয়ের পরিকল্পনা ছিল।
তবে দীর্ঘদিন চালু না করায় এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ছাদের শিট, বৃষ্টির পানি নিষ্কাশনের পাইপ, শৌচাগার ও কাচের পার্টিশন নষ্ট হয়ে গেছে। ভবনটির বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ছে বলে বোর্ড সভার কার্যবিবরণীতে উঠে এসেছে। এতে রাষ্ট্রের রাজস্ব আদায়ের সুযোগ নষ্ট হচ্ছে।
এমতাবস্থায়, স্থাপনাটি সংস্কার করে বাণিজ্যিকভাবে চালুর জন্য বেসরকারি খাতে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেবিচক। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইজারা প্রস্তাবের অনুমতি না দেওয়ায় সংস্থাটি নতুন বিনিয়োগকারী খুঁজছে। প্রস্তাব অনুযায়ী, নতুন বেসরকারি বিনিয়োগকারীকে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে ভবনটির প্রয়োজনীয় সংস্কার, সাজসজ্জা ও উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান জানান, কাওলার স্থাপনাটি দীর্ঘদিন বন্ধ থাকায় অচল পড়ে আছে। এটি সচল করতে আরও কয়েক কোটি টাকার প্রয়োজন হওয়ায় অভিজ্ঞ ও সক্ষম কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এই দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনাকে সরকারি অর্থের অপচয় এবং কর্তৃপক্ষের চরম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।