প্রযুক্তি ডেস্ক: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ন
বিশ্বজুড়ে নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম ‘ওরিজিনওএস ৭’ আপডেট চালু করতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার থেকেই পর্যায়ক্রমে এই নতুন আপডেট ব্যবহারকারীদের কাছে পৌঁছানো শুরু হবে।
প্রাথমিকভাবে ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় অবস্থানরত ব্যবহারকারীরা এই আপডেটটি পাবেন। তবে কেবল যারা ভিভোর ‘ওরিজিনওএস ৭ প্রিভিউ প্রোগ্রাম’-এ যুক্ত আছেন, তারাই প্রথম ধাপে এই অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন। ভিভো এবং তাদের সাব-ব্র্যান্ড আইকিউওও (iQOO)-এর নির্দিষ্ট কিছু মডেলে এটি প্রথম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোলআউট প্রক্রিয়ার একদম শুরুতে ভিভো এক্স৩০০ প্রো এবং আইকিউওও-এর নির্বাচিত কয়েকটি হ্যান্ডসেটে ওরিজিনওএস ৭ এর আপডেট পাঠানো হচ্ছে। প্রথম ধাপের প্রয়োগ সফলভাবে সম্পন্ন হওয়ার পর অন্যান্য মডেলেও পর্যায়ক্রমে তা উন্মুক্ত করা হবে।
পরবর্তী ধাপে ভিভোর প্রিমিয়াম সিরিজ ‘ভিভো এক্স৫০০’ সিরিজের ফোনগুলোতে এই আপডেট মিলবে। পাশাপাশি সম্প্রতি বাজারজাত করা নতুন ‘ভিভো এক্স ফোল্ড’ এবং ভিভোর জনপ্রিয় ‘ভি’ সিরিজের বিভিন্ন হ্যান্ডসেটেও ওরিজিনওএস ৭ সিস্টেমটি রিলিজ করার পরিকল্পনা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ভিভোর নতুন এই অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘জোভাই এআই’ যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ভিজ্যুয়াল অভিজ্ঞতায় পরিবর্তন আনতে নতুন ‘ডাইনামিক গ্লো ডিজাইন’ ফিচার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের আধুনিক ও নজরকাড়া ইন্টারফেসের অভিজ্ঞতা দেবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।