আইনশৃঙ্খলার বিষয়ে কোনও ছাড় নয়: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি শারমিন আক্তার জাহান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থান ঘোষণার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

তিনি বলেছেন “আইনশৃঙ্খলার ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।”

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার আইনশৃঙ্খলা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, সামনে নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেন,“রাজনীতিবিদদের বলেছি—সুন্দর নির্বাচন চাইলে দলীয় মানুষকে হানাহানি ও কাটাকাটি থেকে বিরত রাখতে হবে। আইনশৃঙ্খলা ভালো রাখতে সবার সাথে আলোচনা হচ্ছে। এতে কোনও ছাড় দেব না।”

তিনি জানান, নতুন পুলিশ সুপার যোগ দিয়েছেন। তার সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনার মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর অবকাঠামোগত সমস্যা এবং পরিবেশগত অব্যবস্থাপনা তার নজরে এসেছে বলে জানান ডিসি শারমিন আক্তার জাহান।

তিনি বলেন, “শহরের নানা স্থানে দেখা গেছে ময়লা-আবর্জনা, ধুলাবালি আর খারাপ রাস্তাঘাট। নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি—এ অবস্থার কারণ জানতে চেয়েছি। অনেক উন্নয়নকাজ চলমান, তবে দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “১৬–১৭ বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। তাদের মনে কষ্ট আছে।এখন নির্বাচন আমাদের বড় অঙ্গীকার।পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পৌরসভার রাস্তা-ড্রেন সংস্কারেও কাজ করতে হবে।”

নদী থেকে ইজারাদারদের শর্ত লঙ্ঘন করে বালি ও মাটি উত্তোলনের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আরজু, খ আ ম রশিদুল ইসলাম, মনজুরুল আলম, পীযুষ কান্তি আচার্য, ইব্রাহিম খান সাদাত, দীপক চৌধুরী বাপ্পী, নিয়াজ মোহাম্মদ খান বিটু, আল আমিন শাহিন, সৈয়দ মো. আকরাম, মজিবুর রহমান খান, শিহাব উদ্দিন বিপু, নজরুল ইসলাম শাহজাদা, উজ্জল চক্রবর্তী, সেলিম পারভেজ, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, ফজলে রাব্বী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা এবং অনুষ্ঠান পরিচালনা করেন দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

সভা শুরুর আগে প্রেস ক্লাব নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ