
জনগণের আস্থা অর্জন ও বৈষম্যমুক্ত সমাজ গড়াই প্রধান লক্ষ্য – নবাগত পুলিশ সুপার গাইবান্ধা জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),শেখ মুত্তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),শরীফ আল রাজীব পিপিএম, পুলিশ পরিদর্শক অপরাধ শাখা, হিফজুর আলম মুন্সী এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সকল সাংবাদিকের সঙ্গে পরিচয় বিনিময় করেন। এরপরে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সঙ্গে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন,পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবস্থান তুলে ধরেন, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন।সাইবার বুলিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
