আখাউড়ায় পারিবারিক কলহে গৃহবধূ খুন: ছুরিকাঘাতে হত্যা, স্বামী ও শ্বশুর আটক

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বামী, শ্বশুর ও ফুফু শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পুলিশ নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

ঘটনাটি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে। নিহত রুনা একই ইউনিয়নের রাণীখার গ্রামের বাসিন্দা এবং প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের মেয়ে। তার ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে রুনার বিয়ে হয়। সাইদুর ঢাকায় একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন। এরপর আরও টাকা আনার জন্য রুনার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং এ নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। একপর্যায়ে তাকে শারীরিক নির্যাতন ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের।

রোববার (১জুন) রুনার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনন্ত কুমার ভক্ত জানান, রুনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল, যা প্রাণঘাতী ছিল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “নিহতের স্বামী সাইদুর রহমানকে আটক করে প্রাথমিকভাবে ধরখার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে তাকে থানায় আনা হয়। নিহতের শ্বশুর আব্দুস সালামকে জেলা সদর হাসপাতাল থেকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে হত্যার ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ