ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের সড়কবাজার এলাকা প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে সম্মিলিত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকে ঘিরে পৌরশহরের সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।