— বিজ্ঞাপন —

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাস ও কলকারখানায় আগুন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতীকী চিত্র: আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

গত ১৭ বছরের দুঃশাসনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু একটি মহল বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং নানা ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগুন-সন্ত্রাস করে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভিন্নমত থাকতেই পারে এবং প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দিয়ে, কলকারখানায় অগ্নিসংযোগ করে এবং বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে কারণ এই দেশ ও সমাজ সবার।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে দল-মতনির্বিশেষে প্রত্যেকে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে দেবে না। এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা এবং সরকার সেই অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি তার আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে কেবল সরকারি বা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে, যা থেকে প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে কাজ করছেন। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে, যা সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তারী আহমেদ।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗