
আজ আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। মঙ্গলবার (৩ মার্চ) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদ ধারণ করবে অদ্ভুত লালচে আভা—যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামে পরিচিত। ২০২৬ সালে এটিই একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এমন দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পূর্ণ গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে সূর্যের সরাসরি আলো চাঁদের ওপর পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোর একটি অংশ প্রতিসরিত হয়ে চাঁদের অন্ধকার পৃষ্ঠে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বেশি বিচ্ছুরিত করে এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যকে চাঁদের দিকে প্রবাহিত হতে দেয়।
এ কারণেই গ্রহণ চলাকালে চাঁদ তামাটে বা লালচে আভা ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য আজকের এই ‘ব্লাড মুন’ হতে যাচ্ছে এক স্মরণীয় অভিজ্ঞতা।
