আল্লাহ যাকে ডাকেন, তাকে কেউ ঠেকাতে পারে না: এক অবিশ্বাস্য হজ কাহিনি

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

লিটন হোসাইন জিহাদঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী ঘটনা ভাইরাল হয়েছে, যা একজন হজ্জযাত্রীর দৃঢ় বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার অনন্য উদাহরণ।

একজন হজ্জযাত্রী পাসপোর্ট জটিলতার কারণে নিরাপত্তা বাহিনীর হাতে আটকে পড়েন।  বিমান তাকে ছাড়াই উড়াল দেয়, ফলে তিনি কান্নায় ভেঙে পড়েন।  নিরাপত্তা বাহিনীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “মন খারাপ করোনা, আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি।”  লোকটি উত্তর দেন, “আমি হজ্জের নিয়তে এসেছি, আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে।”  পরক্ষণেই খবর আসে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসছে।

বিমানটি ত্রুটি মেরামত করে আবার উড়াল দেয়, কিন্তু ঝড়ের কারণে তৃতীয়বারের মতো ফিরে আসে।  ক্যাপ্টেন তখন বলেন, “আল্লাহর কসম, আমি আর উড়ব না, যতক্ষণ না আপনি প্লেনে উঠেন।”  সব জটিলতা শেষে বিমানটি তাকে নিয়েই সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দেয়।

হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।  আল্লাহ তাআলা বলেন:

> “মানুষের মধ্যে যার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হজ্জ করা ফরজ।”
— (সুরা আলে ইমরান: ৯৭)

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

> “যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকল, সে সেদিনের মতো (নিষ্পাপ) হয়ে যায়, যেদিন সে মাতৃগর্ভ থেকে জন্মেছিল।”
— (সহিহ বুখারি: ১৫২১)

আরও বলেন:

> “একটি বিশুদ্ধ ও মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত কিছুই নয়।”
— (তিরমিযি ও নাসাঈ)

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন:

> “তিন শ্রেণীর লোক আল্লাহর মেহমান: গাযী, হাজী ও উমরাকারী।”
— (নাসায়ী ও বায়হাকী)

হজরত আয়েশা (রা.) বলেন:

> “আমি প্রশ্ন করলাম, ইয়া রাসুলাল্লাহ (সা.), মহিলাদের উপর কি জিহাদ ফরজ? তিনি বললেন, হ্যাঁ। তবে তাদের উপর এমন জিহাদ ফরজ যাতে সশস্ত্র যুদ্ধ নাই। তাহা হজ্জ ও উমরা।”
— (ইবনে মাজাহ)

হজ্জের সফরে ধৈর্য ও ইখলাসের গুরুত্ব

হজ্জের সফর কেবল ভ্রমণ নয়; এটি একটি ইবাদতের সফর।  এই সফরে ধৈর্য, ইখলাস ও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা অপরিহার্য।  কুরআনে বলা হয়েছে:

> “হজ্জে কামাচার, পাপাচার ও ঝগড়া-বিবাদের অবকাশ নেই।”
— (সুরা বাকারা: ১৯৭)

রাসূলুল্লাহ (সা.) বলেন:

> “যে আল্লাহর জন্য হজ্জ করল অতঃপর তাতে অশ্লীল কর্ম ও গুনাহের কাজ থেকে বিরত থাকল, সে ওই দিনের মতো (নিষ্পাপ) হয়ে যায়, যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল।”
— (সহিহ বুখারি: ১৫২১)

উক্ত হজ্জযাত্রীর ঘটনা আমাদের শেখায়, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ধৈর্য কখনো বিফলে যায় না।  তিনি যে বিশ্বাস নিয়ে বলেছিলেন, “বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে,” তা বাস্তবে পরিণত হয়েছে।  এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, হজ্জ কেবল একটি ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য প্রশিক্ষণ।

 

  • আল্লাহ যাকে ডাকেন
  • তাকে কেউ ঠেকাতে পারে না: এক অবিশ্বাস্য হজ কাহিনি"