ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মো. মাসুদ আলম, আখাউড়া উপজেলার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার মো. রুহুল আমিন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও প্রাইভেটকার বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।